সভাপতির শুভেচ্ছা বাণী

নাভিদুল হক

সভাপতি

আনিসুল হক নবারুণ একাডেমি

শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম। শিক্ষার মাধ্যমেই প্রতিটি মানুষের প্রতিভা বিকাশ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়। তাই প্রতিটি মানুষকেই জীবনের শুরু থেকে শেষ অবধি প্রতিটি ধাপে শিক্ষার ভেতর দিয়ে অতিক্রম করতে হয়। এ জন্যই বলা হয়ে থাকে: Education is a continuous process for every learner’s whole life। আর গুণগত ও মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজন একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। কারণ একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলা হয়ে থাকে।

অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিড়ে আধুনিক কারিকুলাম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত হচ্ছে আনিসুল হক নবারুণ একাডেমি, গতানুগতিক ধারা থেকে বের হয়ে। ২২ বছর আগে এ উপজেলার কয়েকজন শিক্ষানুরাগী, দাতা ও ব্যবসায়ী ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল আনিসুল হক নবারুণ একাডেমি, যা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুযোগ-সুবিধা সম্বলিত এবং আপনার সন্তানের পড়ালেখার যথাযথ চাহিদা পূরণে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আপনার সন্তানের মেধা ও মননশীলতা বিকাশের মাধ্যমে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের ব্যাপক সাড়া আমাদের দায়িত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অভিভাবকগণের প্রত্যাশা পূরণে এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, প্রধান শিক্ষক, শিক্ষক/শিক্ষিকামণ্ডলী ও কর্মচারীবৃন্দ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। একজন ছাত্র/ছাত্রীকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলা ও শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় নিয়োজিত রেখে তাদের মন ও মননে, মেধা ও প্রজ্ঞাকে শানিত করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিগত বছরগুলোতে এ প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি ও আঞ্চলিক বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল লাভ করে সব মহলে প্রশংসিত হয়েছে।

“সন্তান আপনার, সু-শিক্ষিত করার দায়িত্ব আমাদের।” এই প্রয়োগবাক্যকে বুকে লালন করে আগামী দিনে একটি সুন্দর জাতি গঠনে আপনার সন্তানকে আনিসুল হক নবারুণ একাডেমিতে ভর্তি করিয়ে স্বপ্নীল বাংলাদেশ গড়ায় সহযোগিতা করবেন বলে আমরা প্রত্যাশা করি।

সর্বশেষ বলতে চাই,
“জীবনভর অনুশোচনার জন্য একটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট। আবার একটি সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার সন্তানের জীবনের গল্প।” — সন্তানের।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুন্দর জীবনযাপন কামনা করছি।